ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠায় উচ্ছ্বসিত যেমন হয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা, তেমনি হতাশ হয়েছেন অনেক মেসি-বিরোধী ভক্ত। তাদেরই একজন জনপ্রিয় মার্কিন ইউটিউবার আইশোস্পিড।
ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর এবার মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন থামাতে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের কাছে আবেদন জানিয়েছেন।
নিজের ইউটিউব লাইভে আইশোস্পিড বলেন, ‘তোমার কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। লামিন ইয়ামাল, এই বার্তাটি তোমার জন্য। পুরো মনোযোগ দাও। প্লিজ! পোর ফাভোর, (দয়া করে) লামিন।’
এরপর রোনালদো ভক্তদের পক্ষ থেকে ইয়ামালের কাছে বিশেষ অনুরোধ জানান তিনি। আইশোস্পিড বলেন, ‘আমাকে এই বিপর্যয় থেকে বাঁচাও। যদি মেসি আবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে রোনালদো ভক্ত হিসেবে আমার আর কিছুই বলার থাকবে না। তাই লামিন ইয়ামাল, এবারের বিশ্বকাপ জিতে আমাদের রোনালদো ভক্তদের বাঁচাও।’
রোনালদোর প্রতি আইশোস্পিডের ভালোবাসা নতুন নয়। পর্তুগিজ তারকার খেলা দেখতে তিনি বিভিন্ন দেশে গেছেন। রোনালদোর গোল উদযাপনেও বহুবার আবেগপ্রবণ হতে দেখা গেছে তাকে। তার অনলাইন পরিচয়ের অন্যতম বড় অংশজুড়ে রয়েছে রোনালদোর প্রতি সমর্থন।
এবারের বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর মেসির আর্জেন্টিনা ফাইনালে ওঠায় আরও হতাশ হয়েছেন তিনি। কারণ, আর্জেন্টিনা শিরোপা জিতলে মেসির বিশ্বকাপ ট্রফির সংখ্যা দাঁড়াবে দুটি। অন্যদিকে, রোনালদোর ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা না পাওয়ার বিষয়টি আরও আলোচনায় আসবে।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে থামাতে আইশোস্পিডের সমর্থন অবশ্য কাজে আসেনি। নকআউট পর্বে তিনি কেপ ভার্দে, মিসর ও ইংল্যান্ডের পক্ষে ছিলেন। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার জার্সি পরে ‘রিভার্স জিংক্স’-এর আশায় লাইভ করেছিলেন। কিন্তু তাতেও থামেনি আর্জেন্টিনার জয়যাত্রা।
এখন তার শেষ ভরসা স্পেন ও ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করা স্পেন মাত্র একটি গোল হজম করে ফাইনালে উঠেছে। সেই পথে ইয়ামালের পারফরম্যান্সও ছিল গুরুত্বপূর্ণ। এখন ফাইনালে মেসির আর্জেন্টিনাকে থামানোর দায়িত্ব যেন ইয়ামালের কাঁধেই তুলে দিয়েছেন আইশোস্পিড।