বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দলের চূড়ান্ত ক্যাম্প থেকে বাদ পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় দলের অলরাউন্ডার ইশমা তানজিম। তিনি অভিযোগ করেছেন, পুরোপুরি খেলার উপযোগী থাকা সত্ত্বেও পুরোনো ইনজুরিকে অজুহাত হিসেবে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে নারী ইমার্জিং দলের প্রস্তুতি ক্যাম্প চলছে। প্রথম ধাপে ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলে ইশমার নাম থাকলেও পরে ২১ সদস্যের চূড়ান্ত ক্যাম্পে জায়গা হয়নি তার। ক্যাম্প থেকে বাদ পড়ার পর তীব্র মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা করেন বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই ক্রিকেটার।
ইশমার ভাষ্য, ‘আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। গোড়ালিতে একটা পুরোনো ইনজুরি থাকলেও আমি খেলার জন্য সম্পূর্ণ ফিট ছিলাম। কিন্তু তারা দাবি করেছে, এই ইনজুরি নিয়ে আমি নাকি পরের ক্যাম্পের জন্য প্রস্তুত নই। দীর্ঘদিন ধরে আমি দলের ভেতর নানা নোংরা পরিস্থিতির শিকার হচ্ছি।’
আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রোববার রাতে বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে পুরোপুরি সুস্থ না হলেও ধীরে ধীরে সেরে উঠছেন বলে জানিয়েছেন।
ক্রিকেটের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা তুলে ধরে ইশমা বলেন, ‘আমি কখনো টাকার জন্য ক্রিকেট খেলিনি। ক্রিকেটকে ভালোবেসেই খেলেছি। তাই এই ঘটনাটা মেনে নিতে পারিনি। সবচেয়ে কষ্টের বিষয়, জাতীয় দলে আমার অভিষেকের ছবিটাও আজ পর্যন্ত আমার কাছে নেই।’
জানা গেছে, গত শুক্রবার আত্মহত্যা চেষ্টার পর রোববার তার জ্ঞান ফিরে আসে।
উল্লেখ্য, ২৯ বছর বয়সী ইশমা তানজিম বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।