মাঠের লড়াই শেষ হলেও ফুটবলের গল্প থেমে থাকে না। অনেক সময় ম্যাচ-পরবর্তী ঘটনাই হয়ে ওঠে সবচেয়ে আলোচিত অধ্যায়। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার জন্যও তেমনই এক স্মরণীয় মুহূর্ত এনে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচ শেষে মেসির সঙ্গে কথা বলার আশায় এগিয়ে যান ভোজিনহা। তবে তার আগেই মেসির আচরণে মুগ্ধ হয়ে যান তিনি। ভোজিনিয়ার ভাষায়, কাছে যেতেই আর্জেন্টাইন তারকা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, ‘তুমি খুব প্রতিভাবান। তুমি একজন অসাধারণ গোলকিপার। তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত।’
মেসির এই প্রশংসাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে দেখছেন ভোজিনিয়া। তিনি বলেন, এমন একজন ফুটবলারের মুখে নিজের সম্পর্কে ইতিবাচক কথা শোনা সত্যিই বিশেষ অনুভূতি, যা তিনি কখনো ভুলবেন না। প্রশংসার জবাবে ভোজিনিহাও মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ধন্যবাদ, লিও। আপনিই সেরা।’
এরপর তিনি মেসির কাছে জার্সি বদলের অনুরোধ করেন। ভোজিনিয়ার দাবি অনুযায়ী মেসি হাসিমুখেই রাজি হন এবং বলেন, ‘অবশ্যই। টানেলের ভেতরে তোমাকে এটা দেব।’
জার্সি বিনিময়, আলিঙ্গন আর মেসির আন্তরিক প্রশংসা; সব মিলিয়ে এই মুহূর্তটি ভোজিনহার জন্য হয়ে উঠেছে এক অবিস্মরণীয় স্মৃতি। জয়-পরাজয়ের হিসাবের বাইরে গিয়ে ছোটবেলার নায়কের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি তার ফুটবল জীবনের অন্যতম বড় অর্জন হয়ে থাকবে।