যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) ট্রাম্পের কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
তারেক রহমান বলেন, ‘‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বাস্তবমুখী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহিমান্বিত অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেশজুড়ে এই গৌরবময় উপলক্ষ উদযাপন করছে, তখন ‘আমেরিকা ২৫০’ উদ্যোগ বিশ্বজুড়ে মানুষকে ‘আমেরিকান ড্রিম’, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, আদর্শ এবং বিশ্বের প্রতি আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা লাভের সুযোগ করে দিচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় এক বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে উন্নীত হয়েছে। বর্তমানে আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি।’
প্রধানমন্ত্রী যোগ করেন, ‘বিশেষ করে চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘আপনাকে আশ্বস্ত করছি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে আমাদের অংশীদারত্ব আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে আমার সরকার আপনার প্রশাসনের সঙ্গে কাজ করে যাবে।’
চিঠিতে ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তারেক রহমান যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।