বিশ্বকাপে মেক্সিকো শেষ ষোলো নিশ্চিত করার আনন্দে দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে লাখো মানুষের আনন্দ মিছিলে পদদলিত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণী ও অন্যজন ৪৪ বছর বয়সী পুরুষ। শ্বাসরোধে (অ্যাসফিক্সিয়ায়) তাদের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, স্থানীয় কয়েকটি গণমাধ্যম তৃতীয় একজনের মৃত্যুর খবর দিলেও কর্তৃপক্ষ এখনো তা নিশ্চিত করেনি।
এর আগে, বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো নকআউট ম্যাচে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিক মেক্সিকো। দলের এই ঐতিহাসিক জয়ের পর রাজধানী মেক্সিকো সিটির বিভিন্ন সড়কে, বিশেষ করে অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে উদযাপনে যোগ দেন ১০ লাখেরও বেশি মানুষ।
স্থানীয় প্রশাসনের ধারণা, বিপুল জনসমাগমের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।