প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ভিএআরে জার্মানির গোল বাতিলের সিদ্ধান্তটি সঠিক ছিল বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বিশ্বজুড়ে চলতে থাকা বিতর্কের পরিপ্রেক্ষিতে ফিফার রেফারিপ্রধান পিয়েরলুইজি কলিনা নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
গোল বাতিলের সিদ্ধান্তকে শতভাগ সঠিক উল্লেখ করে কলিনা জানান, ফুটবলে সময় অপচয় আটকানো ও খেলাকে আরও সুন্দর করতে কিছু কঠোর নিয়ম আনা হয়েছে।
আক্রমণভাগের খেলোয়াড়দের উদ্দেশ্যপ্রণোদিত বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও নিজের অবস্থান ধরে রাখা স্বতঃস্ফূর্তভাবে কোনো ফাউল নয়, তবে যখন একজন আক্রমণভাগের খেলোয়াড় বলের প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে ইচ্ছাকৃতভাবে, এমনকি সামান্যতম হলেও প্রতিপক্ষের খেলোয়াড়ের গতিবিধিকে বাধাগ্রস্ত করার স্পষ্ট উদ্দেশ্যে নড়াচড়া করেন ও তাকে রক্ষণভাগ সামলানো (ডিফেন্ড করা) থেকে বিরত রাখেন, তখন রেফারিদের ও প্রয়োজনে ভিএআর-এর এই ঘটনা সতর্কতার সঙ্গে বিশ্লেষণ ও হস্তক্ষেপ করা উচিত।’
কলিনা আরও বলেন, ‘কোচ ও খেলোয়াড়দের এ বিষয়ে আগেই জানানো হয়েছিল, তাই রেফারিরা এই ফাউলগুলোর শাস্তি দিলে তা কোনো বিস্ময় হিসেবে আসা উচিত নয়।’
একই সঙ্গে আধুনিক ফুটবলের গতি ও শৃঙ্খলা বজায় রাখতে ফিফার নেওয়া অন্যান্য পদক্ষেপের সাফল্যও তুলে ধরে ফিফার রেফারিপ্রধান বলেন, ‘সময়ের অপচয় কমানোর পদক্ষেপগুলো সফল হয়েছে। গোল কিক, থ্রো-ইন ও খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে এখন নির্দিষ্ট সময়সীমা রয়েছে, পাশাপাশি খেলোয়াড়েরা চোটে পড়লে তাদের এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে বাধ্য করা হচ্ছে।’
ফিফার এই নতুন উদ্যোগগুলোর প্রশংসা করে কলিনা বলেন, ‘এ পদক্ষেপগুলোর সবই অত্যন্ত কার্যকর হয়েছে ও সর্বসম্মতভাবে বেশ ইতিবাচক উদ্ভাবন হিসেবে বিবেচিত হয়েছে।’
উল্লেখ্য, বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল জার্মানি ও প্যারাগুয়ে। ১-১ সমতায় ম্যাচ শেষে অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে প্যারাগুয়ের জালে বল পাঠান জার্মানির ডিফেন্ডার জোনাথান টাহ।
সবাই ভেবেছিলেন, এই গোলেই নিশ্চিত হয়ে গেল জার্মানির জয়। কিন্তু নাটকের তখনো অনেক বাকি ছিল। রেফারি ইশারা করলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে। রিপ্লেতে দেখা গেল, গোলটি হওয়ার ঠিক আগমুহূর্তে জার্মানির আরেক খেলোয়াড় ভালডেমার আন্টন প্যারাগুয়ের গোলরক্ষক রলান্দো হিলকে আলতো করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। যদিও সেই ধাক্কা বা স্পর্শ ছিল খুবই সামান্য, কিন্তু নিয়মের কারণে রেফারি গোলটি বাতিল করে দেন। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যাবধানে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।