বছর তিনেক আগে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে ভক্ত-সমর্থকদের ভালোবাসার জোয়ারে মুগ্ধ হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই সফরের অভিজ্ঞতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রবল সমর্থন; সব মিলিয়ে বাংলাদেশের প্রতি আলাদা এক ভালোবাসা তৈরি হয়েছে তার হৃদয়ে।
বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও এবার আবারও বাংলাদেশের ভক্তদের উদ্দেশে জানালেন আবেগঘন বার্তা। স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তিনি ভুলে যাননি।
ডালাস স্টেডিয়ামে আজ রোববার সকালে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে মিক্সড জোনে নিজের প্রতিক্রিয়া জানানোর পর উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেখানে বাংলাদেশের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’
আর্জেন্টাইন এই গোলকিপারের এমন মন্তব্যে আবারও প্রমাণ হলো - বাংলাদেশের ফুটবল ভালোবাসা এখন বিশ্বমঞ্চেও আলাদা পরিচিতি তৈরি করেছে।