বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াই দেখার স্বপ্ন ছিল ফুটবলপ্রেমীদের। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই সেই সম্ভাবনায় ইতি টেনেছে পর্তুগাল। এখন দুই মহাতারকার দেখা হওয়ার একমাত্র মঞ্চ হতে পারে বিশ্বকাপের ফাইনাল।
বাংলাদেশ সময় আজ রোববার (২৮ জুন) ভোরে মায়ামি স্টেডিয়ামে ‘কে’গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে রোনালদোর দল।
এই ড্রয়ের ফলেই নকআউট পর্বের ব্রাকেটের অন্য পাশে চলে গেছে পর্তুগাল। ফলে ফাইনালের আগে আর্জেন্টিনার সঙ্গে তাদের আর মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে না। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেই কেবল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবেন রোনালদোরা।
তবে সেই পথ মোটেও সহজ নয়। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। এরপর কোয়ার্টার ফাইনালে কাগজে-কলমের হিসেবে অপেক্ষা করছে বেলজিয়াম। আর সেমিফাইনালে উঠতে পারলে জার্মানি, ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসের যেকোনো একটি দলের বিপক্ষে খেলতে হতে পারে পর্তুগালকে।
অন্যদিকে আর্জেন্টিনাকেও ফাইনালে উঠতে হলে নিজেদের নকআউটের প্রতিটি ম্যাচ জিততে হবে। দুই দলই নিজেদের পথ সফলভাবে পেরোতে পারলেই ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত এক লড়াই; মেসি বনাম রোনালদো দেখার সুযোগ মিলবে।
অথচ চিত্রটা ভিন্নও হতে পারত। কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো পর্তুগাল। সেক্ষেত্রে আর্জেন্টিনার সঙ্গে একই ব্রাকেটে থাকায় দুই দলই রাউন্ড অব ৩২ ও শেষ ষোলোর বাধা পেরোলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতো।
এদিকে পর্তুগালের বিপক্ষে ড্র করে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ঘানা।