গ্রুপ পর্ব শেষ, এখন শুরু হচ্ছে আসল লড়াই। শীর্ষে থেকে নকআউট পর্বে ওঠায় আর্জেন্টিনার সামনে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য পথও পরিষ্কার হয়ে গেছে। প্রতিটি ধাপেই অপেক্ষা করছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ, আর সেখান থেকেই মিলছে সম্ভাব্য প্রতিপক্ষদের ছবিও।
প্রথমেই রাউন্ড অব ৩২-এ ৩ জুলাই, শুক্রবার মায়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ এইচ-এ স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে দ্বিতীয় হয়ে নকআউটে ওঠায় কেপ ভার্দে ইতোমধ্যেই বড় চমক দেখিয়েছে।
এই বাধা পেরোতে পারলে ৭ জুলাই, মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া রাউন্ড অব ১৬-তে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিশর। অস্ট্রেলিয়া জিতলে কাতার বিশ্বকাপের সেই স্মরণীয় লড়াইয়ের পুনরাবৃত্তি হতে পারে। সেবার উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
এরপর ১১ জুলাই, শনিবার কানসাস সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ এখনই নিশ্চিত নয়। তবে গ্রুপ কে-তে শীর্ষে থাকা কলম্বিয়া বা সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
ফাইনালে যাওয়ার পথে সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করতে পারে সেমিফাইনালে। ১৫ জুলাই, বুধবার আটলান্টায় ব্রাজিল বা ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনাই বেশি।
সব বাধা পেরিয়ে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছে যায়, তাহলে ১৯ জুলাই, রোববার নিউ জার্সিতে ব্র্যাকেটের অন্য পাশ থেকে আসতে পারে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি বা পর্তুগালের মতো ইউরোপের শক্তিশালী দল।