বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়ে বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, দাবি করা হচ্ছে, বাংলাদেশের পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির অর্থায়ন বন্ধ এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সাময়িকভাবে বাদ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ক্রিকবাজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের শুরুতে আইনজীবী এএসএম সাজ্জাদ হায়দারের মাধ্যমে দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে পাঠানো ওই চিঠিতে বুলবুলের সময়কার বিসিবির সব পরিচালকের পক্ষে তার স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে। চিঠিতে বুলবুল দাবি করেছেন, তিনি এখনো বিসিবির বৈধ সভাপতি। একই সঙ্গে বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ উল্লেখ করে আইসিসির তত্ত্বাবধানে নতুন নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ‘পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইসিসি তহবিল স্থগিতকরণ’ শিরোনামে তিনি প্রস্তাব করেছেন, নির্বাচিত বোর্ড পুনর্বহাল, আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) সিদ্ধান্ত এবং বাংলাদেশে চলমান আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিসিবির জন্য নির্ধারিত সব আইসিসি তহবিল স্থগিত রাখা হোক। পাশাপাশি ৭ জুন ২০২৬ সালের নির্বাচনের ভিত্তিতে গঠিত বোর্ডকে কোনো অর্থ না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
এ ছাড়া ‘বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক সতর্কবার্তা’ অংশে তিনি দাবি করেছেন, ৭ জুন ২০২৬ সালের বিসিবি নির্বাচন আইসিসির সংবিধানের ২.৪(গ) ও ২.৪(ঘ) ধারার লঙ্ঘন। তাই বর্তমান বোর্ডকে স্বীকৃতি না দিয়ে নির্বাচিত বোর্ড পুনর্বহালের নির্দেশ এবং তা না হলে আইসিসির সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নির্বাচনে অনিয়মের অভিযোগে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে অপসারণ করা হয়। এর আগে ২০২৫ সালের ৩০ মে ফারুক আহমেদ কাউন্সিলর পদ হারানোর পর বিসিবির সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে নির্বাচন শেষ করেই দায়িত্ব ছাড়ার কথা বললেও পরে পূর্ণ মেয়াদে থাকার সিদ্ধান্ত নেন। তবে শেষ পর্যন্ত সেই মেয়াদ পূরণ করতে পারেননি।