ফিফা বিশ্বকাপে চুকে যাচ্ছে গ্রুপ পর্বের হিসাব-নিকাশ, শুরু হতে যাচ্ছে নক-আউট পর্ব। হারলেই বিদায়, এমন সমীকরণে শেষ ৩২ পর্বের ৪টি ম্যাচের সময়সূচি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। আগামী ২৮ জুন দিবাগত রাত থেকে শুরু হতে যাচ্ছে সেরা ষোলোতে ওঠার এই জমজমাট লড়াই।
নক-আউট পর্বের প্রথম ম্যাচে ২৮ জুন দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
পরের ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান। হিউস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ২৯ জুন রাত ১১টায়।
পরদিন থাকছে আরেক হাইভোল্টেজ ম্যাচ। শেষ ষোলোতে উঠার লড়াইয়ে নামবে দুই শক্তিশালী দল মরক্কো ও নেদারল্যান্ডস। বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ৩০ জুন সকাল ৭টায়।
এদিকে দ্বিতীয় রাউন্ডের আরও একটি ম্যাচের সময় সূচি চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। ২ জুলাই সকাল ৬টায় সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ ৩২ এর বাকি ১২ ম্যাচের সূচিও চূড়ান্ত হবে। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, এই রাউন্ডে নির্ধারিত ৯০ মিনিটে খেলা অমিমাংসিত থাকলে অতিরিক্ত ৩০ খেলা হবে। এতেও দুই দলের গোল সংখ্যা সমান থাকলে টাইব্রেকারের মাধ্যমে জয়ী দল চলে যাবে পরের রাউন্ডে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।