আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে ঘিরে নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই চুক্তিবদ্ধ এই ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছে কাতালান ক্লাবটি।
এই ঘটনায় বিষয়টি ফিফার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোহি ব্লাংকোসরা। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবটি জানায়, নিজেদের স্বার্থ রক্ষায় তারা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। তাদের মতে, অন্য ক্লাবের সঙ্গে বৈধ চুক্তিতে থাকা কোনো খেলোয়াড়ের সঙ্গে অনুমতি ছাড়া আলোচনা করা ফুটবলের প্রচলিত নিয়মের পরিপন্থী।
সম্প্রতি স্পেনের বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, বার্সেলোনা তাদের আক্রমণভাগ আরও শক্তিশালী করতে হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। তবে অ্যাটলেটিকোর দাবি, এ বিষয়ে বার্সেলোনা তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি।
২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড বর্তমানে অ্যাটলেটিকোর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সঙ্গে ক্লাবটির চুক্তি ২০৩০ সাল পর্যন্ত কার্যকর রয়েছে। পাশাপাশি বাজারমূল্যের দিক থেকেও তিনি ইউরোপের অন্যতম মূল্যবান ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত।
আতলেতিকো যদি আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জমা দেয়, তাহলে বিষয়টি বার্সেলোনার জন্য নতুন আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি করতে পারে। একই সঙ্গে হুলিয়ান আলভারেজকে ঘিরে সম্ভাব্য দলবদলের আলোচনা আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। এখন নজর থাকবে ফিফার সিদ্ধান্তের দিকে, এই বিতর্ক কোন পথে গড়ায়, সেটাই দেখার বিষয়।