লিওনেল মেসির ভক্তদের গল্প কখনো কখনো তার গোল বা রেকর্ডের গল্পকেও ছাপিয়ে যায়। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও তেমনই এক দৃশ্য নজর কাড়ল হাজারো দর্শকের ভিড়ে। গ্যালারিতে বসে ছিলেন প্রায় ১০০ বছর বয়সী এক নারী, যার পরিচয় কেবলই একজন মেসি ভক্ত।
বিশ্বকাপের ম্যাচে মেসিকে দেখতে বিভিন্ন বয়সের সমর্থকরা মাঠে আসেন। কিন্তু ডালাসের গ্যালারিতে পলিন কানা নামের এই নারী সবার দৃষ্টি কেড়ে নেন একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে। সেখানে লেখা ছিল, ‘১০০ বছর বয়সী মেসিভক্ত।’
ক্যামেরা তার দিকে ঘুরতেই মুহূর্তটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই ভাবতে শুরু করেন, শত বছর বয়সেও মেসিকে দেখতে মাঠে এসেছেন এক নিবেদিত সমর্থক। তবে মজার বিষয় হলো, পলিনের বয়স এখনো ১০০ হয়নি। আগামী ১ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এই বাসিন্দা শতবর্ষে পা দেবেন। অর্থাৎ শতবর্ষ পূর্ণ হওয়ার আগেই তিনি বিশ্বজুড়ে পরিচিত হয়ে গেলেন ‘১০০ বছর বয়সী মেসিভক্ত’ হিসেবে।
এটাই অবশ্য প্রথমবার নয় যে মেসিকে ঘিরে আলোচনায় এসেছেন পলিন। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির একটি ম্যাচেও গ্যালারিতে ছিলেন তিনি। সেবার তার হাতে ছিল আরেকটি ব্যতিক্রমী প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’
সেই প্ল্যাকার্ড তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। এবারও মেসিকে দেখতে মাঠে এসে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন তিনি।
শুধু মেসিভক্ত হিসেবেই নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছেন পলিন। চলতি বছরের মে মাসে টেক্সাসের বেলভিলে একটি ক্রাউডসার্ফিং অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে সেই রেকর্ড গড়েন তিনি। তখন তার বয়স ছিল ৯৯ বছর ২৭৪ দিন।
এদিকে পলিনের উপস্থিতির দিনটিও ছিল মেসির জন্য বিশেষ। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ১৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন মিরোস্লাভ ক্লোসাকে। একই ম্যাচে বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলারের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
গ্যালারিতে প্রায় শতবর্ষী এক ভক্ত, মাঠে ইতিহাস গড়া এক ফুটবল জাদুকর; ডালাসের রাতটা তাই শুধু একটি ম্যাচের গল্প নয়, প্রজন্ম পেরিয়ে ছড়িয়ে পড়া এক ভালোবাসার গল্পও।