অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আগেই অন্তত শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছিল। তবে আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচ শেষ হওয়ার পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাবও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ফলে রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
গ্রুপ পর্বে এখনো প্রতিটি দলের একটি করে ম্যাচ বাকি। নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ। এই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।
এইচ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন-উরুগুয়ে এবং কেপ ভার্দে-সৌদি আরব। এই দুই ম্যাচের ফলের ওপরই নির্ধারিত হবে আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ।
স্পেন হতে পারে যদি…
উরুগুয়ে স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দে-সৌদি আরব ড্র হয়, তখন স্পেন রানার্সআপ হয়ে যাবে। আবার উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারায়, সেক্ষেত্রেও রানার্সআপ হতে পারে স্পেন।
কেপ ভার্দে হতে পারে যদি…
স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়, তখন স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং কেপ ভার্দে রানার্সআপ হবে। আবার স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে–সৌদি আরব ম্যাচ ড্র হয়, তখনও কেপ ভার্দে দ্বিতীয় দল হিসেবে উঠে যেতে পারে।
সৌদি আরব হতে পারে যদি…
স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারায়, তাহলে সৌদি আরব রানার্সআপ হবে। আবার স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালে একই সমীকরণে সৌদি আরবের নকআউট নিশ্চিত হতে পারে। ফলে ২০২২ সালের পর আবারও আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের দেখা হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
উরুগুয়ের সম্ভাবনাও আছে
উরুগুয়ে ও কেপ ভার্দে যদি নিজেদের শেষ ম্যাচে জয় পায়, তাহলে রানার্সআপ নির্ধারণ হবে গোল ব্যবধান দিয়ে। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান সমান। গোল ব্যবধান সমান থাকলে দেখা হবে গোল সংখ্যা, যেখানে এখনো দুই দলই সমান অবস্থায় আছে। এরপরও সমতা থাকলে ফেয়ার প্লে অর্থাৎ কার্ডের হিসাব বিবেচনায় আসবে। এই ক্ষেত্রে কেপ ভার্দের চেয়ে কম হলুদ কার্ড দেখে সামান্য এগিয়ে আছে উরুগুয়ে।
আর যদি দুই ম্যাচই ড্র হয়, তাহলে একই ধরনের জটিল সমীকরণে নির্ধারিত হবে রানার্সআপ দল। সেক্ষেত্রে গোল পার্থক্য, গোল সংখ্যা এবং ফেয়ার প্লে—সবকিছুই ভূমিকা রাখবে।
সব মিলিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছে কেপ ভার্দে। তবে শেষ রাউন্ডের ম্যাচগুলো একসঙ্গে হওয়ায় পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। বিশেষ করে কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারিয়ে ইতিহাস গড়ে, তাহলে আফ্রিকার এই দলটিই নকআউটে আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে যেতে পারে।
অন্যদিকে উরুগুয়ে যদি স্পেনকে হারায়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে। ফলে এইচ গ্রুপের শেষ দিনের দুই ম্যাচই এখন আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রতিপক্ষ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।