অস্ট্রিয়ার বিপক্ষে জয়, নকআউট নিশ্চিত এবং লিওনেল মেসির রেকর্ড গড়া রাত; সব মিলিয়ে আর্জেন্টিনা শিবিরে ছিল আনন্দের আবহ। তবে সেই আনন্দের মাঝেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের অন্যতম ভরসার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
ম্যাচের ৫৭ মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন রোমেরো। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই আর্জেন্টিনা শিবিরের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে রোমেরোর শারীরিক অবস্থা।
সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘চোটের গভীরতা এখনো জানি না। এটা এমন একটা সমস্যা যা আগে থেকেই ছিল।’
আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, মঙ্গলবার বা বুধবারের মধ্যে বিস্তারিত পরীক্ষা করা হবে রোমেরোর। এরপরই জানা যাবে চোটের প্রকৃত অবস্থা। স্কালোনি বলেন, ‘আশা করি কিছু হয়নি। শুধু গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে নয়, সে না থাকলেও যে আসবে সে ভালোই করবে। তবে সবাইকে পাওয়া সবসময়ই ভালো। এখনো কিছু জানি না, আগামীকাল বা পরশু পরীক্ষা হবে।’
রোমেরোর জন্য বিষয়টি নতুন নয়। টটেনহামের এই সেন্টারব্যাক চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণে প্রিমিয়ার লিগের শেষ ছয়টি ম্যাচ খেলতে পারেননি তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর দাবি, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একই হাঁটুতে আবারও অস্বস্তি অনুভব করেছেন এই ডিফেন্ডার।
এ কারণে অন্তত একটি ম্যাচ তাকে ছাড়া খেলতে হতে পারে আর্জেন্টিনাকে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে রোমেরোকে। কয়েকদিন বিশ্রাম নিয়ে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করবেন তিনি।
প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে আর্জেন্টিনাকে শেষ ৩২-এর টিকিট এনে দিয়েছেন লিওনেল মেসি। তবে সামনে নকআউট পর্বের কঠিন লড়াই। আর সেই লড়াইয়ের আগে রোমেরোর চোট স্কালোনির দলের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।