হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের রাতে ব্রাজিলের জন্য একটি বড় দুশ্চিন্তার খবর হয়ে এসেছে রাফিনিয়ার চোট। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন এই উইঙ্গার।
চোট পাওয়ার পরপরই লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের বেঞ্চে তার চিকিৎসা শুরু করে ব্রাজিলিয়ান জাতীয় দলের মেডিক্যাল বিভাগ। তবে চোটের প্রকৃতি কতটা গুরুতর, তা জানতে শনিবারে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাকে পুনরায় মূল্যায়ন করবেন জাতীয় দলের কোচিং স্টাফরা।
রাফিনিয়ার অনুপস্থিতিতে তার পজিশনের সম্ভাব্য বিকল্প হিসেবে রয়েছেন রায়ান ও লুইজ হেনরিক। হাইতির বিপক্ষে চোটের পর রায়ানকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের নিয়মিত শুরুর একাদশের গুরুত্বপূর্ণ সদস্য রাফিনিয়া। তবে সম্প্রতি ডান ঊরুর সমস্যায় ভুগছিলেন তিনি। মার্চের শেষ দিকে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং চোটেও পড়েছিলেন বার্সেলোনার এই তারকা।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, চলতি বিশ্বকাপে রাফিনিয়া আর খেলতে পারবেন কি না। কারণ টুর্নামেন্টের স্কোয়াড পরিবর্তনের সময়সীমা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। গত শুক্রবার মরক্কোর বিপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগেই শেষ হয়েছে পরিবর্তনের ডেডলাইন। ফলে রাফিনিয়া ছিটকে গেলেও চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডের বাইরে থেকে নতুন কাউকে আর নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।
এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ফরোয়ার্ড রাফিনিয়া তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান। তার চিকিৎসা শুরু হয়েছে এবং পুনর্মূল্যায়ন করা হবে। আমরা আরও তথ্য পেলে জানানো হবে।’
পরীক্ষার ফল না আসা পর্যন্ত রাফিনিয়ার অবস্থা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। তবে নকআউট পর্বের আগে তার চোট ব্রাজিল শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।