কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শনিবার (২০ জুন) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে ও গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
এতে বলা হয়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আইনিভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
ব্যাংক সূত্রে জানা যায়, গত কয়েক মাসে তারল্য সংকট ও বিভিন্ন গুজবের কারণে গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। এতে অনেক গ্রাহক একসঙ্গে আমানত উত্তোলনে আগ্রহী হন। তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা ও ব্যাংক ব্যবস্থাপনার পদক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
এ বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন বলেন, ‘ইসলামী ব্যাংক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। গ্রাহকদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। নতুন আমানত জমা বাড়ছে এবং উত্তোলনের চাপও আগের তুলনায় কমেছে।’
তিনি আরও বলেন, ‘ব্যাংকের কার্যক্রমকে কেন্দ্র করে কেউ যাতে অযথা বিভ্রান্তি, বিশৃঙ্খলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’