বিশ্বকাপে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার মাঠের বাইরের একটি আবেগঘন গল্পের জন্যও খবরের শিরোনাম হয়েছেন। প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তিনি আফসোস করে বলেছিলেন, টাকার অভাবে তার মায়ের ভিসা হয়নি। ফলে জীবনের সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি তিনি মাঠে বসে দেখতে পারেননি।
ভোজিনিহার সেই আবেগঘন বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ও হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফ্রিসেরও। অবশেষে তার হস্তক্ষেপেই ভোজিনিয়ার মায়ের ভিসা জটিলতার সমাধান হয়েছে।
ইয়াহু স্পোর্টসের খবরে বলা হয়েছে, বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে হাকিম জেফ্রিস জানান, ভোজিনিহার গল্প তাকে গভীরভাবে স্পর্শ করেছে। এরপর তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করে ভিসা-সংক্রান্ত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় সব ফি মওকুফের ব্যবস্থা করেন।
ফলে কেপ ভার্দের তারকা গোলরক্ষক আগামী রোববার মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নিজের মায়ের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপের মঞ্চে ছেলের খেলা এবার সরাসরি গ্যালারিতে বসে দেখতে পারবেন তিনি।
এই উদ্যোগ সফল করতে সহযোগিতার জন্য মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, কেপ ভার্দে সরকার এবং ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন হাকিম জেফ্রিস।
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভোজিনহা যেমন ফুটবল বিশ্বে প্রশংসা কুড়িয়েছেন, তেমনি তার মাকে ঘিরে এই মানবিক গল্পও ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয়। আর এখন উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি মা-ছেলের আবেগঘন পুনর্মিলনের অপেক্ষায় ফুটবলপ্রেমীরাও।