আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের হেক্সা জয়ের অভিযান শুরু হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ মিশনের প্রথম বাঁশি বাজার আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে সেলেসাও শিবির। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আর সেই শঙ্কা এখন উদ্বোধনী ম্যাচ ছাড়িয়ে টুর্নামেন্টের শুরুর অংশজুড়েই ছড়িয়ে পড়ছে।
ফরাসি জনপ্রিয় ফুটবল সংবাদমাধ্যম ফুটমেরকাতোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি নেইমার। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রক্রিয়াও প্রত্যাশার চেয়ে বেশি জটিল হয়ে উঠেছে বলে জানা গেছে।
গত ১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর জাতীয় দলের মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছিল, পুরোপুরি সুস্থ হতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।
কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে যোগ দিতে পারেননি নেইমার। নিউ জার্সিতে ব্রাজিল দল প্রস্তুতি চালিয়ে গেলেও তাকে আলাদা করে জিম ও সাইক্লিংয়ের মাধ্যমে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
ফুটমেরকাতোর তথ্য অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে কিছু জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর কোচ কার্লো আনচেলত্তি নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নেইমারকে বিশ্বকাপ দলে জায়গা দিয়েছিলেন। অন্যদিকে নেইমারও এই বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করে আবেগঘন বার্তা দিয়েছিলেন সমর্থকদের উদ্দেশে।
তাই বিশ্বকাপের শুরুতেই তার অনুপস্থিতির সম্ভাবনা ব্রাজিলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। কারণ দলের আক্রমণভাগের পরিকল্পনার বড় একটি অংশ ঘিরেই ছিল এই তারকা ফুটবলারের উপস্থিতি।
তবে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মতো কোনো আশঙ্কা এখনো নেই। দলের মেডিকেল টিমের একটি সূত্র জানিয়েছে, মরক্কোর বিপক্ষে ম্যাচ মিস করলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ কিংবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।