ইনজুরির কারণে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট অস্ট্রেলিয়া সিরিজে থাকবেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে বাংলাদেশ দলে ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন প্যামেন্ট। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর কয়েক দিন আগে কোমরের চোটে পড়ে বিশ্রামে চলে যান তিনি। সেই চোট সারাতে বর্তমানে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন প্যামেন্ট।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এক বছরে তিনবার চোটে পড়া ও শারীরিক অবস্থা বিবেচনায় প্যামেন্ট এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী নন। যদিও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে।
প্যামেন্ট না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ আশিক মজুমদার। পাকিস্তান সিরিজেও তিনি ফিল্ডিংয়ের দায়িত্ব সামলেছেন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ৯ থেকে ২১ জুন পর্যন্ত সাদা বলের সিরিজ খেলবে। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে উভয় দল চট্টগ্রামে যাবে; যেখানে ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।