কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের নির্মাণাধীন একটি কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইলিয়াছ ও রাকিব। আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টার প্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, সকালে শ্রমিকরা কালভার্টে কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ পাশের মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। অপরজনের চিকিৎসা চলছে।