বিশ্বকাপ ২০২৬ ঘিরে শুরু হয়েছে আগেভাগেই পূর্বাভাসের লড়াই। এবার সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে বড় বিশ্লেষণ প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। ১০ হাজার সিমুলেশনের ভিত্তিতে তৈরি এই পূর্বাভাসে সবচেয়ে বেশি বার শিরোপা জিতেছে স্পেন, ফলে তাদেরই এখন টুর্নামেন্টের প্রধান ফেবারিট হিসেবে দেখা হচ্ছে।
অপটার বিশ্লেষণ অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। তালিকায় তাদের পরেই রয়েছে ফ্রান্স (১৩ শতাংশ), ইংল্যান্ড (১১.২ শতাংশ) এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪ শতাংশ)। এই চার দলকেই আসন্ন আসরের সবচেয়ে শক্তিশালী শিরোপা দাবিদার হিসেবে দেখছে সুপারকম্পিউটার।
স্পেনের সম্ভাবনা বাড়ানোর পেছনে রয়েছে তাদের ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী স্কোয়াড। তরুণ তারকা লামিন ইয়ামাল, অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবালের মতো খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্স দলটিকে এগিয়ে রেখেছে। ইউরো ২০২৪-এর সাফল্যের পর তাদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, হ্যারি কেইনের ইংল্যান্ড এবং লিওনেল মেসির আর্জেন্টিনাও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কঠিন চ্যালেঞ্জ থাকলেও আর্জেন্টিনাকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করছে অপটা।
দ্বিতীয় সারির দল হিসেবে পর্তুগাল, ব্রাজিল ও জার্মানির নামও উঠে এসেছে পূর্বাভাসে। পর্তুগালের সম্ভাবনা ৭ শতাংশ, ব্রাজিলের ৬.৬ শতাংশ এবং জার্মানির ৫.১ শতাংশ।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ফাইনালের মাধ্যমে শেষ হবে এই মহাযজ্ঞ।
এবারের আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবারও বাছাইপর্বে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।