বাংলাদেশের কাছে টানা চার টেস্ট হারের ধাক্কা যেন ভালোভাবেই নাড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। সিলেট টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে সেই হতাশার ছাপ লুকোতে পারলেন না পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রশ্ন শুরু হওয়ার আগেই সাংবাদিকদের উদ্দেশে বলে দিলেন, ‘আমি শুধু এই সিরিজ নিয়েই এখন কথা বলব। এই সিরিজ নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন।’
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন এক সাংবাদিক। আর তাতেই কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন শান মাসুদ।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আপনি কি আবেগ দিয়ে চিন্তা করছেন? পরিবর্তন স্ট্রাকচারাল। আপনি একটা দৃষ্টিকটু উপায় বেছে নিয়েছেন। ইমোশন এক পাশে রাখুন। এখানে ইমোশনের দাম নেই। আমি কাউকে রক্ষাও করছি না, কারও সমালোচনাও করছি না। পাকিস্তানের ক্রিকেটের উন্নতি ছাড়া আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।’
এই সময় দল হারলে ব্যক্তিগত পারফরম্যান্সের মূল্যও থাকে না বলে মন্তব্য করেন তিনি। শান বলেন, ‘আমি এখানে আপনার সাথে দ্বিমত পোষণ করলাম। যে কারও পারফরম্যান্স হোক, দল না জিতলে সেটা গণ্য করা হয় না। সেটা ৫ রান হোক বা ১০০ রান। সিরিজ না জিতলে এসব গোণায়ই ধরা হয় না। সবাই তো পাকিস্তানেরই খেলোয়াড়। একটু কম আবেগ দিয়ে ভাবার চেষ্টা করুন। ফলাফলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে আবেগ দিয়ে আমরা দেখি না, বরং আরও ভালো করার চেষ্টা করি।’
বাংলাদেশের কাছে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে এখন শুরু হয়েছে নতুন আলোচনা। আর সেই চাপের প্রতিফলনই যেন দেখা গেল শান মাসুদের কণ্ঠে।