কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ(১৮) ও শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)। তারা দুজন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, তাইফ ও শাকিবুল চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বুধবার ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে করে তারা দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। এসময় নদীতে ডুব দিলে তাইফ মাথা উঁচু করে উঠতে পারলেও শাকিবুল তলিয়ে যায়। এক পর্যায়ে তাইফও তলিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা টের পেলে তাদের দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক পরীক্ষা করে তাঁদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৪টার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।