নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকার নোট বাজারে এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) থেকেই বাজারে পাওয়া যাবে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সই করা এই নোট। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নতুন এই নোটের ডিজাইন ও নিরাপত্তার বৈশিষ্ট্য হলো, নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মি.মি × ৬০ মি.মি। নোটের সম্মুখভাগের বামপাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছনভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি আছে।
নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের বামদিকে বিদ্যমান ২ মি.মি. চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতরে প্রবিষ্ট, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায়।
এ ছাড়া, নোটের সামনের দিকে নিচের গ্লিউইশ প্যাটার্নের ওপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ লেখা আছে।
নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।