বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে আগামীকাল সোমবার তুরস্কের উদ্দেশে রওনা দিচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। সেখানে তারা অনুশীলন ক্যাম্প করবে, প্রীতি ম্যাচ খেলবে এবং যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণের জন্য ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবে। তুরস্কের আন্তালিয়ায় ৩০ সদস্যের স্কোয়াড নিয়ে ক্যাম্প করবে ইরান। এই ক্যাম্প থেকেই পরে চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।
দলে আছেন ইরানের অন্যতম তারকা স্ট্রাইকার মেহদি তারেমি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড একসময় পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেললেও বর্তমানে প্রতিনিধিত্ব করছেন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে।
ইরান কোচ আমির ঘালেনি জানিয়েছেন, এই ক্যাম্পের জন্য ৩০ জন বাছাই করা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল। তার মতে, পুরো দল নির্বাচন করা হয়েছে শুধুমাত্র টেকনিক্যাল বিবেচনায়। আন্তালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ইরানের। এর মধ্যে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে আফ্রিকার দল গাম্বিয়ার বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।
১৯৮০ সালের পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হওয়ায় এবার বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইরানি ফুটবলারদের। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, এখনো কোনো খেলোয়াড়ের ভিসা ইস্যু হয়নি। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দিতে হবে তুরস্কেই। তবে পুরো দল আঙ্কারায় যেতে অনাগ্রহী।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এ বিষয়ে ফিফার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইরান ফুটবল ফেডারেশন। ইতোমধ্যে তুরস্ক ফুটবল ফেডারেশন ও ফিফা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও হয়েছে।
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করবে ইরান। ‘গ্রুপ জি’তে তাদের প্রথম ম্যাচ ১৫ জুন, লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে। এরপর একই ভেন্যুতে খেলবে বেলজিয়ামের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর।