বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে নেইমারকে ঘিরে শুরু হয়েছে নতুন আরেক আলোচনা। চোট কাটিয়ে মাঠে ফিরলেও এখনো তার ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। আর সেই কারণেই আবেগ নয়, পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র জনপ্রিয়তার কারণে দলে জায়গা মিলবে না নেইমারের।
আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। তার আগে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর, সেই তালিকায় আছেন নেইমারও। তবে চূড়ান্ত দলে জায়গা নিশ্চিত করতে হলে তাকে পুরোপুরি ফিট থাকতে হবে এবং মাঠে নিজের সেরাটা দেখাতে হবে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘দল নির্বাচন করতে গেলে অনেক কিছু বিবেচনা করতে হয়। নেইমার অসাধারণ প্রতিভাবান এবং ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু তার কিছু সমস্যা আছে, যেগুলো কাটিয়ে উঠতে সে কঠোর পরিশ্রম করছে। সম্প্রতি তার উন্নতি হয়েছে, নিয়মিত খেলছেও। তারপরও সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সব কিছু খুব সতর্কভাবে বিবেচনা করতে হবে।’
বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ আনচেলত্তির সামনে এখন বড় দায়িত্ব ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জেতানো। ইউরোপের পাঁচটি বড় লিগে শিরোপা জয়ের পাশাপাশি পাঁচবার মহাদেশীয় সেরার ট্রফিও জিতেছেন তিনি। এবার তার লক্ষ্য ব্রাজিলকে নতুন সাফল্যের পথে ফেরানো।
নেইমারকে ঘিরে ব্রাজিল দলে আবেগও কম নয়। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখনো সমর্থক ও সতীর্থদের কাছে সমান জনপ্রিয়। বিষয়টি স্বীকারও করেছেন আনচেলত্তি।
তিনি বলেন, ‘আমি জানি নেইমার শুধু সমর্থকদের কাছেই নয়, খেলোয়াড়দের কাছেও অনেক প্রিয়। তাকে দলে নিলে ড্রেসিংরুমে কেমন পরিবেশ হবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। তবে এমন নয় যে তাকে নিলে কোনো সমস্যা হবে। সে সবার কাছে খুব পছন্দের একজন।’
দলের অন্য খেলোয়াড়দের মতামতকেও স্বাভাবিকভাবেই দেখছেন এই ইতালিয়ান কোচ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যে তার নিজের, সেটিও পরিষ্কার করে দিয়েছেন।
আনচেলত্তির ভাষায়, ‘খেলোয়াড়রা তাদের মতামত দেবে, এটাই স্বাভাবিক। যারা আমাকে পরামর্শ দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। আমি মনে করি না এতে দলের পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে। দলের ভেতরের পরিবেশ খুব ইতিবাচক।’
সাম্প্রতিক সময়ে নেইমারের শারীরিক অবস্থার উন্নতির কথাও তুলে ধরেছেন তিনি। আনচেলত্তি বলেন, ‘শেষ কয়েকটি ম্যাচে তার ফিটনেস অনেক ভালো ছিল। সে ভালো খেলেছে এবং আগের চেয়ে অনেক বেশি গতিময় ফুটবল খেলছে। তবে প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা।’
সবশেষে নেইমারকে দলে নেওয়া বা না নেওয়ার পুরো দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘নেইমারকে নেওয়ার জন্য কেউ আমাকে চাপ দেয়নি। আমি পুরো স্বাধীনতা পাচ্ছি। সিদ্ধান্ত শতভাগ পেশাদার ভিত্তিতেই নেওয়া হবে। একজন ফুটবলার হিসেবে সে কেমন খেলছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিখুঁত দল গড়া অসম্ভব, তবে আমি এমন একটি দল গড়তে চাই যেখানে ভুলের পরিমাণ সবচেয়ে কম থাকবে।’