নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) বেলা একটার দিকে জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যানটিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের দগ্ধ হওয়ার মাত্রা পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।