ঐতিহ্যগতভাবে স্পিননির্ভর দল হিসেবেই পরিচিত বাংলাদেশ। তবে সময় বদলের সঙ্গে বদলেছে দলের শক্তির জায়গাও। এখন প্রতিপক্ষের ব্যাটারদের জন্য ভয় হয়ে উঠছেন বাংলাদেশের পেসাররা। আর সেই আত্মবিশ্বাস থেকেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে নিজেদের পেস আক্রমণকে এগিয়ে রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। স্পোর্টিং উইকেটের কথা মাথায় রেখে শক্তিশালী পেস আক্রমণ নিয়েই ঢাকায় এসেছে পাকিস্তান।
সফরকারীদের স্কোয়াডে আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মাদ আব্বাস, হাসান আলি, খুররাম শাহজাদ ও আমাদ বাট। অন্যদিকে বাংলাদেশের পেস বিভাগে রয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরি।
দীর্ঘ বিরতির পর আবার টেস্টে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। আর সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত গতিময় বোলিংয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নাহিদ রানা। পাশাপাশি শরিফুল ও ইবাদতও রয়েছেন দারুণ ছন্দে।
এই কারণেই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলের পেস আক্রমণের তুলনায় নিজের দলকেই সামান্য এগিয়ে রাখেন শান্ত। শান্তর ভাষায়, ‘পেস বোলিং বিভাগে আমি বলব, দুই দলেরই ভালো পেস আক্রমণ। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলব যে, আমাদের পেস বোলিং আক্রমণ হয়তো সামান্য একটু এগিয়ে আছে। গত কয়েক বছর ধরে তারা যেভাবে বোলিং করছে।’
পাকিস্তানের পেস আক্রমণের প্রশংসাও করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে একই সঙ্গে নিজের বোলারদের কৃতিত্ব দিতেও ভোলেননি; তার ভাষায়, ‘পাকিস্তান নিয়ে যখনই কথা বলি, সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা খুব ভালো দল ও খুব ভালো পেস বোলিং বিভাগ। তবে গত কয়েক বছর আমরা যেভাবে পেস বোলাররা বল করছে, তাদেরকে কৃতিত্ব দিতেই হবে।’
বাংলাদেশের পেস বিভাগ নিয়ে একসময় যতটা সংশয় ছিল, এখন ঠিক ততটাই আত্মবিশ্বাস দেখা যাচ্ছে দলীয় ড্রেসিংরুমে। পাকিস্তানের বিপক্ষে সেই আত্মবিশ্বাস মাঠেও কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।