আজ আবার কি দেখা যাবে আরেকটি গোল-উৎসব? আট দিন আগের প্যারিস যেন ফুটবলের এক রঙিন ক্যানভাসে পরিণত হয়েছিল, যেখানে পিএসজি ও বায়ার্ন মিউনিখ মিলে উপহার দিয়েছিল ৯ গোলের অবিশ্বাস্য এক মহারণ। সেই প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জিতে এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
ফ্রান্স আর জার্মানির দুই পরাশক্তির সেই আক্রমণাত্মক ফুটবল আজ আবার নতুন মঞ্চে, নতুন উত্তেজনায় হাজির মিউনিখে। আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে দুই দল। একদিকে এক গোলের ব্যবধানে পিছিয়ে থাকা বায়ার্ন মিউনিখ, অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর পিএসজি।
বায়ার্ন ইতিমধ্যেই ঘরোয়া লিগে দারুণ দাপট দেখিয়ে চার ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে। সেই সাফল্যের রেশ এখন ইউরোপেও টানতে চায় তারা। গোল করাকেই যেন মূল অস্ত্র বানানো এই দল মৌসুমে এখন পর্যন্ত ১১৬ গোল করে ফেলেছে, যা তাদের আক্রমণাত্মক মানসিকতারই প্রমাণ।
ম্যাচের আগে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘যারা সবকিছু সাদা-কালো দেখে আমি তেমন মানুষ নই। আমার কাছে প্যারিসে যা হয়েছে, সেটি একদমই নিখুঁত হয়েছে।’ তার এই মন্তব্যেই বোঝা যাচ্ছে, হারলেও তারা ম্যাচ থেকে ইতিবাচক দিক নিয়েই এগোতে চাইছে।
অন্যদিকে জয়ী পিএসজির কোচ লুইস এনরিকে প্যারিসের সেই স্মৃতি এখনো ভুলতে পারেননি। গত মৌসুমে পিএসজিকে প্রথমবার ইউরোপীয় শ্রেষ্ঠত্ব এনে দেওয়া এই স্প্যানিশ কোচ এবারও লক্ষ্য ঠিক করে রেখেছেন, টানা দ্বিতীয়বার ট্রফি প্যারিসে নেওয়া।
এক গোলের ব্যবধান, দুই আক্রমণাত্মক দল, আর ইউরোপের সবচেয়ে বড় মঞ্চ; সবমিলিয়ে আজকের রাতেও কি আবার দেখা যাবে আরেকটি গোল-উৎসব? ফুটবলপ্রেমীরা সেই উত্তরের অপেক্ষায়।