অনন্য অর্জনের খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। আর মাত্র ১১ রান দরকার ছিল ইতিহাস গড়তে। দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার প্লের শেষ বলেই ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক; আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রান পূর্ণ করলেন ক্রিকেটের এই ব্যাটিং গ্রেট।
এর পরের ওভারেই অবশ্য নিজের চেনা ছন্দে ফিরে যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার। তিন বলের মধ্যে দুটি ছক্কা মেরে দ্রুত ম্যাচ শেষ করে দেন তিনি। ১৫ বলে দুই ছক্কা ও এক চারে অপরাজিত থাকেন ২৩ রানে। একপেশে ম্যাচে সোমবার (২৭ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। ৭৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৮১ বল বাকি থাকতেই।
বোলারদের দাপটে রাঙানো দিনে নিজের অর্জনের খাতায় নতুন উচ্চতা যোগ করলেন কোহলি, যিনি আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময়ই খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। ২৭৫ ইনিংসে আট সেঞ্চুরি ও ৬৬ ফিফটিতে তার মোট রান এখন ৯ হাজার ১২। সর্বোচ্চ অপরাজিত ১১৩। স্ট্রাইক রেট ১৩৩.৮০, গড় ৪০.০৫।
প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো পর্যন্ত ৮ হাজার রানও নেই আর কোনো ব্যাটারের। ৭ হাজারের ঘর পেরিয়েছেন কেবল রোহিত শর্মা, সংগ্রহ ৭ হাজার ১৮৩ রান।