গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ তুলে দিয়েছিলেন ফিফার বিতর্কিত সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ঘটনাটি তখনই ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এবার সেই পুরস্কার বাতিলের দাবি তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, ফুটবলের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এমন কোনো পুরস্কার দেওয়া ফিফার কাজ নয়। এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে। তিনি বলেন, ‘আমরা চাই এই পুরস্কার বাতিল করা হোক। এমন কোনো পুরস্কার দেওয়া ফিফার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না। এ কাজের জন্য স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে নোবেল ইনস্টিটিউট।’
তার মতে, ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে দেওয়া এই পুরস্কার ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, ফিফার অভ্যন্তরীণ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও নাকি অনুসরণ করা হয়নি।
এদিকে ‘ফেয়ারস্কয়ার’ নামে একটি প্রচারগোষ্ঠী যে অভিযোগ করেছে ফিফার নৈতিকতা কমিটির কাছে, সেটিকেও সমর্থন দেবে এনএফএফ। ধারণা করা হচ্ছে, ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভার-এ শুরু হতে যাওয়া ফিফা কংগ্রেসে এই ইস্যু নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন ক্লাভেনেস।
প্রসঙ্গত, নোবেল ইনস্টিটিউট-এর শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা ছিল ট্রাম্পের। যদিও শেষ পর্যন্ত তা অর্জন করতে পারেননি তিনি। এরপরই ফিফার পক্ষ থেকে তাকে এই ‘শান্তি পুরস্কার’ দেওয়া হয়! যা নিয়ে সমালোচকদের ধারণা, ইনফান্তিনোর সঙ্গে সুসম্পর্কই এর পেছনে বড় কারণ।