২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়! কারণ টিকিটের দাম পৌঁছে গেছে আকাশচুম্বী উচ্চতায়। ফিফার পুনঃবিক্রয় প্লাটফর্মে ফাইনালের জন্য মাত্র চারটি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে, আর প্রতিটির দাম প্রায় ২৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৮ কোটি ২২ লাখ টাকা।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, এই টিকিটগুলোর আসন থাকবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামের ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে, আসন নম্বর ৩৩ থেকে ৩৬ পর্যন্ত। অর্থাৎ সাধারণ দর্শকদের জন্য নয়, বরং একেবারেই ভিআইপি পর্যায়ের ক্রেতাদের লক্ষ্য করেই এই প্রাইসিং।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেস ঘিরে। কারণ এখানে টিকিটের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও ফিফা প্রতিটি বিক্রিতে ১৫ শতাংশ করে ফি নিচ্ছে, ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকেই। ফলে এই উচ্চমূল্যের টিকিট বিক্রি হলে বড় অঙ্কের লাভও যাবে ফিফার পকেটে।
শুধু রিসেল মার্কেট নয়, আনুষ্ঠানিক টিকিটও কম দামে পাওয়া যাচ্ছে না। ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম অন্তত চার গুণ বেশি বলে আগেই জানা গিয়েছিল। ফাইনালের ক্ষেত্রে সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা।
বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ হলেও এই টিকিট মূল্য অনেক সমর্থকের জন্য স্বপ্নের চেয়েও দূরের বিষয় হয়ে দাঁড়িয়েছে।