মেয়েদের পর এবার ছেলেদের ক্রিকেটেও জয় পেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে রাজশাহীতে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ হারলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতবে নিউজিল্যান্ড, এমন সমীকরণে মাঠে নেমে মিরপুরে ৮৭ বল হাতে রেখে পাওয়া সহজ জয়ে সিরিজে ফিরেছে টাইগাররা। নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তদের দুর্দান্ত পারফরম্যান্সে এই জয় পেয়েছে বাংলাদেশ।
বোলিংয়ে নাহিদ ৫ উইকেট নেওয়ার পর রান তাড়ায় জোড়া ফিফটি করেছেন তানজিদ তামিম ও শান্ত। যদিও ১৯৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই ফেরেন গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসান (৮ রান)। দ্রুতই বাংলাদেশি ওপেনারকে অনুসরণ করেন প্রায় এক বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া সৌম্য সরকার (৮ রান)।
তবে শুরুর ধাক্কা দারুণভাবে সামলান তানজিদ তামিম ও শান্ত। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে জয়ের কাজটা সহজ করে দেন তারা। যদিও দুজনের কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।
ওপেনিংয়ে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে ৭৬ রান করে ফেরেন তানজিদ তামিম। ১৩১.০৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ১০ চার ও ৪ ছক্কায়।
শান্ত অবশ্য আউট হননি। তীব্র গরমে ক্র্যাম্প করায় কাঁটায় কাঁটায় ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি। টেস্ট অধিনায়ক ক্যারিয়ারের ১১তম ওয়ানডে ফিফটি পেয়েছেন ১৩ ইনিংস পর। শান্ত চোট নিয়ে মাঠ ছাড়ার পর জয়ের কাজটা সারেন তাওহিদ হৃদয় ও মিরাজ। হৃদয়ের ৩০ রানের বিপরীতে অধিনায়ক ৮ রানে অপরাজিত থাকেন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জাইডেন লিনক্স।