ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লড়াইটা সহজে ছাড়েনি আর্সেনাল। শুরুতেই গোল হজম করেও দ্রুত সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়ে গানাররা। শেষদিকে একের পর এক আক্রমণ করেও গোলপোস্ট ও সিটির রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি আর্সেনাল; নইলে অন্তত একটি ড্র নিয়েই ফিরতে পারত তারা, যা শীর্ষস্থান আরও শক্ত করত।
শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে আর্সেনাল। তবে এই হারেও বড় ধাক্কা লাগেনি পয়েন্ট টেবিলে। এখনো শীর্ষে রয়েছে তারা। যদিও সামনে চ্যালেঞ্জ স্পষ্ট, বার্নলির বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতলে শীর্ষস্থান হারাতে হতে পারে মিকেল আর্তেতার দলকে।
ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্তেতা জানান, দল লড়াইয়ে পিছিয়ে নেই। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘ইতিবাচক ব্যাপার হলো আমরা খেলার মানটা বুঝতে পেরেছি, আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারি। শুধু তাই নয়, আরও ভালো করতে পারি।’
শিরোপা দৌড় নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠেই আর্তেতা বলেন, এখনো পাঁচটি ম্যাচ বাকি এবং দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তার মতে, এই ম্যাচে কিছু ভুল থাকলেও অনেক ইতিবাচক দিকও আছে, যেগুলো সামনে এগোনোর শক্তি দেবে।
তিনি আরও বলেন, ‘আমরা কাছাকাছি ছিলাম, তবে যথেষ্ট নয়। কিন্তু এখন আমাদের নতুন করে তৈরি হতে হবে। আজ আমরা একটি বড় সুযোগ হারালাম, কিন্তু এখনো পাঁচ ম্যাচ বাকি।’