আইপিএলের ঝলমলে মঞ্চ ছেড়ে পিএসএলের দিকে ঝুঁকেছেন মঈন আলী। এটা অনেকের কাছেই ছিল অবাক করার মতো সিদ্ধান্ত। তবে এবার সেই সিদ্ধান্তের পেছনের গল্প খুলে বললেন এই ইংলিশ অলরাউন্ডার।
গত মৌসুমে কলকাতার হয়ে খেলেছিলেন মঈন। কিন্তু এবার তার ঠিকানা করাচি কিংস। অনেকেই ভাবছিলেন, আইপিএলের মতো বড় মঞ্চ ছেড়ে কেন পাকিস্তান লিগে গেলেন? উত্তরে মঈন জানালেন, বিষয়টা শুধু ক্রিকেট নয়, জীবনের ভারসাম্যও।
এক পডকাস্টে তিনি বলেন, ‘কয়েকটি কারণ আছে (আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার পেছনে)। আমার বয়স এখন ৩৮। আমি এখনো খেলতে চাই, ভালো করতে চাই এবং যতটা সম্ভব ক্যারিয়ারটা দীর্ঘ করতে চাই। করাচি আমার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। প্রতিযোগিতাটা (পিএসএল) ছোট। যা আমার ও আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক (সময় ও ফিটনেস)।’
আইপিএলের দীর্ঘ সূচিও তার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। যেখানে টানা দুই মাস ধরে চলে টুর্নামেন্ট, সেখানে পিএসএল শেষ হয় তুলনামূলক কম সময়ে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সময় ব্যবস্থাপনাই যেন হয়ে উঠেছে বড় ফ্যাক্টর।
তবে শুধু সময় নয়, সুযোগের অভাবও তাকে ভাবিয়েছে। গত মৌসুমে ২ কোটি রুপিতে দলে নিলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মঈন। সেই হতাশার কথাও লুকাননি তিনি। বলেন, ‘গত বছর আইপিএলে আমি অর্ধেক ম্যাচ খেলেছি। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি মাত্র দুবার। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি মাঠে থাকতে চাই, ব্যাট করতে চাই। মনে হচ্ছে ক্যারিয়ারের শেষ দিকে এসে আমি ভালো ক্রিকেট খেলছি, তাই চালিয়ে যেতে চাই।’
পিএসএল খেলার ইচ্ছা অবশ্য তার নতুন নয়। অনেক দিন ধরেই এই লিগে খেলার আগ্রহ ছিল তার। কিন্তু সূচির জটিলতায় এতদিন তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘কোথাও জায়গা নিশ্চিত নয় (ক্যারিয়ার), এখানেও (পিএসএল) না। আমি শুধু ক্রিকেটটা উপভোগ করতে চাই। অনেকদিন ধরেই পিএসএলে খেলার ইচ্ছা ছিল। দুর্ভাগ্যজনকভাবে এটি আইপিএলের সময়ের সঙ্গে মিলে যায়। তাই এতদিন সম্ভব হয়নি।’