বাংলাদেশ সফরকে সামনে রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান, আর সেই দলেই মিলেছে বেশ কিছু চমক। ১৬ সদস্যের এই দলে নতুন মুখের উপস্থিতি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি অভিজ্ঞদের রাখা হয়েছে ভারসাম্য বজায় রাখতে।
সবচেয়ে বড় চমক, দলে জায়গা পেয়েছেন চারজন ক্রিকেটার, যারা এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায়। আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজি ঘোরি; এই চার নাম এখন পাকিস্তান শিবিরে আলোচনার কেন্দ্রে। তাদের মধ্যে কেবল ঘোরির আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে, গত মাসেই মিরপুরে একটি ওয়ানডে খেলেছেন তিনি। বাকিদের জন্য এটি হতে পারে বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ।
দলের নেতৃত্বে থাকছেন শান মাসুদ। ইতিমধ্যেই স্কোয়াডের আওয়াইস, ইমাম-উল-হক, ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের প্রস্তুত করছেন।
শান মাসুদের নেতৃত্বাধীন এই দলে ব্যাপক পরিবর্তন এসেছে কোচিং প্যানেলে। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সরফরাজ আহমেদের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল।
পিএসএলে ব্যস্ত ক্রিকেটারদের বাইরে রেখে বাকি সদস্যরা ২৭ এপ্রিল থেকে করাচিতে প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন, যা চলবে ১ মে পর্যন্ত। এরপর ২ মে বাংলাদেশে আসার কথা পুরো দলের। আর যারা পিএসএল ফাইনাল পর্যন্ত খেলবেন, তারা ফাইনাল শেষ করেই সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৮ মে থেকে, দ্বিতীয় টেস্ট ১৬ মে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে। যেখানে ঘরের মাঠে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবে বাংলাদেশ।
বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।