বিশ্বকাপের আগমুহূর্তে ব্রাজিল দলে চূড়ান্ত স্কোয়াড নিয়ে উত্তেজনা তুঙ্গে। জানা যাচ্ছে, কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই ২৪ জন খেলোয়াড় ঠিক করে ফেলেছেন। এখন বাকি মাত্র দুটি জায়গা! আর সেই জায়গা নিয়েই ঘুরপাক খাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার জুনিয়র কি থাকবেন সেই তালিকায়?
দলের দরজা খোলা থাকলেও শর্তটা স্পষ্ট। নাম যত বড়ই হোক, আনচেলত্তির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিটনেস। দীর্ঘদিন ধরেই নেইমারের ফিটনেস নিয়ে সংশয় ছিল তার মনে। ইনজুরি আর অনিয়মিত খেলার কারণে ব্রাজিল তারকার অবস্থান কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে চিত্রটা বদলাতে শুরু করেছে। নিজেকে নতুন করে গড়ে তুলতে মাঠে-জিমে কঠোর পরিশ্রম করছেন নেইমার। আর তাতেই ধীরে ধীরে সন্তুষ্ট হচ্ছেন কোচ।
নেইমারকে নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে আনচেলত্তি বলেছেন, ‘সে সঠিক পথে আছে। তাকে এভাবেই এগিয়ে যেতে হবে এবং উন্নতি করতে হবে। তার আবারও শতভাগ ফিটনেস ফিরে পাওয়ার সক্ষমতা আছে।’ এই মন্তব্যেই মিলছে আস্থার আভাস, যদিও নিশ্চিত কোনো প্রতিশ্রুতি নয়।
শুধু প্রস্তুতিই নয়, ক্লাব ফুটবলেও ফিরছেন ছন্দে। সান্তোসের জার্সিতে চোট কাটিয়ে ফিরে গোলও করছেন নিয়মিত। এই পারফরম্যান্সে খুশি আনচেলত্তি, ‘হাঁটুর চোট থেকে সে ভালোভাবেই ফিরেছে এবং গোল করছে। বিশ্বকাপে খেলার যোগ্যতা যে আছে, তা দেখানোর জন্য ওর হাতে এখনো ২ মাস সময় আছে।’
এবারের বিশ্বকাপ আরও বড় মঞ্চে হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ। ১১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।