পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে বড় বিপাকে পড়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। পোস্ট ডিলিট করে ক্ষমা চাইলেও রক্ষা হয়নি। গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা, আর এর জেরেই কঠোর অবস্থানে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এখন থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আগে পিসিবির অনুমতি নিতে হবে। বোর্ডের মিডিয়া বিভাগের অনুমোদন ছাড়া কোনো কিছুই পোস্ট করা যাবে না। শুধু তাই নয়, নতুন এই নীতিতে রাজনৈতিক পোস্টের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো ক্রিকেটার যদি রাজনৈতিক কিছু পোস্ট করেন, তাহলে তাকে অন্তত ১ কোটি রুপি জরিমানা গুনতে হবে।
যদিও কেন্দ্রীয় চুক্তিতে আগে থেকেই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কিছু নিয়ম ছিল, তবে নাসিম শাহর ঘটনাটির পর সেটিকে আরও কঠোরভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের উদ্বোধনী ম্যাচ থেকে। ২৬ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পিসিবির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিও নিজের প্রোফাইলে পোস্ট করে নাসিম শাহ লেখেন, ‘কেন তাকে লর্ডসের রানির মতো মর্যাদা দেওয়া হচ্ছে?’
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পোস্টটি মুছে ফেলেন নাসিম। পরে দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নাসিম নিঃশর্ত ক্ষমা চাইলেও শেষ পর্যন্ত তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। শুধু জরিমানাতেই থেমে থাকেনি বিষয়টি। পিসিবির তদন্ত কমিটি নাসিমকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার প্রস্তাবও দেয়। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির হস্তক্ষেপে বড় শাস্তি থেকে রক্ষা পান এই পেসার।