কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর এলাকায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ব্লকেড স্থাপন কার্যক্রম নিয়ে উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে ভাঙা ও ছোট আকারের ব্লক ব্যবহার করায় ভাঙন রোধের কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চৌধুরীপাড়া মসজিদ পর্যন্ত এলাকায় ব্লকেড বসানো হচ্ছে। অথচ এই অংশটি নদীর তীব্র স্রোতের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, ঠিক এই গুরুত্বপূর্ণ স্থানেই নিম্নমানের ও ক্ষতিগ্রস্ত ব্লক ব্যবহার করা হচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে তাদের বসতভিটা হুমকির মুখে রয়েছে। তাই টেকসই ও মানসম্পন্ন কাজের মাধ্যমে স্থায়ী সমাধান প্রত্যাশা করছিলেন তারা। কিন্তু বর্তমানে যে ধরনের ব্লক বসানো হচ্ছে, তা ভবিষ্যতে আরও বড় ধরনের ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের মতে, একবার এই ব্লক বসানো সম্পন্ন হলে সংশ্লিষ্টরা চলে যাবেন, কিন্তু এর নেতিবাচক প্রভাব দীর্ঘদিন ধরে বহন করতে হবে এলাকাবাসীকেই। তাই দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং মানসম্মত কাজ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী সঠিক মানের ব্লক ব্যবহার এবং কার্যকর নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে তাদের বসতভিটা রক্ষা পায় এবং দীর্ঘমেয়াদে ভাঙন থেকে মুক্তি নিশ্চিত হয়।