প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। আগেই নিশ্চিত হয়েছিল ৪২টি দল, বাকি ছিল ৬টি টিকিট। শেষ পর্যন্ত বুধবার ইরাকের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে পূর্ণ হয়েছে বিশ্বকাপের ৪৮ দলের তালিকা।
ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনাল শেষে মূল পর্বে জায়গা করে নেয় সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। এরপর আন্তঃমহাদেশীয় প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে ৪৭তম দল হিসেবে বিশ্বকাপে ওঠে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)।
সবশেষ টিকিটের লড়াইয়ে ইরাক ও বলিভিয়ার ম্যাচটি ছিল চরম উত্তেজনার। মেক্সিকোর মন্টেরির এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে ২-১ গোলে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করে ইরাক।
২০২৬ বিশ্বকাপেই দেখা যাবে বেশ কিছু নতুন মুখ। প্রথমবারের মতো খেলবে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছে হাইতি ও কঙ্গো, আর ৪০ বছর পর বিশ্বমঞ্চে ফিরল ইরাক।
এক নজরে ৪৮ দল ও ১২ গ্রুপ:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
আগামী ১১ জুন ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর সঙ্গে যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও কানাডা।
১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। তার আগে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। আর ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।