গোলের বন্যা বইয়ে নতুন করে ইতিহাস লেখার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বায়ার্ন মিউনিখ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা নিজেদের রেকর্ড এবার নিজেরাই ভেঙে দিতে যাচ্ছে জার্মান জায়ান্টরা।
বায়ার্ন মিউনিখ ১৯৭১-৭২ মৌসুমে বুন্দেসলিগায় ১০১ গোল করে যে রেকর্ড গড়েছিল, সেটিই এখনো এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি হিসেবে টিকে আছে। ৫৪ বছর পর সেই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি বর্তমান দলটি। চলতি মৌসুমে ২৭ ম্যাচেই তারা করে ফেলেছে ৯৭ গোল। সামনে বাকি আছে আরও সাত ম্যাচ। এই সময়ের মধ্যেই মাত্র পাঁচটি গোল করলেই নতুন করে ইতিহাস লিখবে বাভারিয়ানরা।
আগামী শনিবার নিজেদের ২৮তম ম্যাচে ফ্রাইবুর্গ-এর মুখোমুখি হবে বায়ার্ন। সেই ম্যাচেই রেকর্ড ভাঙার সম্ভাবনা জোরালো। কারণ গত বছরের নভেম্বরে এই একই প্রতিপক্ষের বিপক্ষে ৬ গোল করেছিল তারা, যা আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে।
তবে শুধু এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নয়, আরও দুটি কীর্তির সামনে দাঁড়িয়ে আছে বায়ার্ন। ঘরের মাঠ এবং অ্যাওয়ে; দুই জায়গাতেই নতুন করে গোলের রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাদের।
এ মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে ৫৬টি গোল করেছে বায়ার্ন। অথচ এক মৌসুমে নিজেদের মাঠে সর্বোচ্চ ৬৯ গোলের রেকর্ডটিও সেই ১৯৭১-৭২ মৌসুমের। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে এখন পর্যন্ত ৪১ গোল করা বায়ার্ন, যেখানে তাদের সর্বোচ্চ অ্যাওয়ে গোল ৪৭; যা এসেছিল ২০১৯-২০ মৌসুমে।
সবমিলিয়ে, শুধু জয়ের ধারাই নয়; গোলের পর গোল করে ইতিহাসের পাতায় নিজেদের নাম নতুন করে খোদাই করার পথে ছুটছে বায়ার্ন মিউনিখ।