রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে পরিচালিত দোকান, শোরুম, রেস্তোরাঁ ও ওয়ার্কশপের বর্ধিতাংশ অনতিবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম দোকানের বাইরে ফুটপাত ও সড়কের ওপর সম্প্রসারণ করে পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে রেস্টুরেন্টের রান্নার বার্নার, হাড়িপাতিল, গ্রিল বা কাবাব তৈরির সরঞ্জাম, মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রাংশ, ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল, পোশাক ও আসবাবপত্রের দোকানের প্রদর্শন সামগ্রী ফুটপাত ও সড়কে রাখা হচ্ছে। এ ছাড়া মোটরগাড়ির ওয়ার্কশপ ও পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গাড়ি মেরামত করছে।
এতে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ও বাধ্য হয়ে রাস্তায় চলাচল করায় যানজটেরও সৃষ্টি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর সব এলাকায় এ ধরনের অবৈধ দখলদারদের অবিলম্বে ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।