টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে। ভারতের জন্য ম্যাচটি অনেকটা ‘ডু অর ডাই’ পরিস্থিতির সমান, যেখানে জয় ছাড়া বিকল্প নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আউটফিল্ডে ‘ডিউ কিউর’ নামের একটি বিশেষ রাসায়নিক স্প্রে করা হচ্ছে।
তবে চেন্নাইয়ের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের কন্ডিশন নিয়ে রয়েছে বাড়তি আলোচনা। এই সময়ে দ্বিতীয় ইনিংসে শিশির বড় প্রভাব ফেলে। ফলে ব্যাটিং তুলনামূলক সহজ হয়ে যায়, আর বোলারদের জন্য বল নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়ায়।
এই সমস্যা কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। টস ও কন্ডিশনের প্রভাব সীমিত রাখতে স্টেডিয়ামের আউটফিল্ডে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের একটি রাসায়নিক স্প্রে করা হচ্ছে।
‘ডিউ কিউর’ মূলত মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও ব্যবহৃত হয়। স্প্রে করার পর ঘাসে আর্দ্রতা জমতে পারে না, আর যদি ভেজাভাব থাকে, তা দ্রুত শোষিত হয়ে শুকিয়ে যায়। ফলে দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আউটফিল্ড নতুনভাবে প্রস্তুতের সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এই রাসায়নিক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই কন্ডিশনকে নিয়ন্ত্রণে রাখতেই বাড়তি সতর্কতা নিচ্ছে আয়োজকরা।