বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মামলায় আপসের শর্তে জামিন পাওয়ার মাত্র একদিন পরই আবারও বিতর্কে জড়ালেন ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। অভিযোগ উঠেছে, মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যাকে ফের মারধর করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন অনন্যা।
আদালত প্রাঙ্গণে অনন্যা তার বাম হাতের জখম ও কাটার দাগ দেখিয়ে বলেন, ‘নোবেল আমার হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। কিন্তু জামিন পেয়েই সে আমাকে বাসায় নিয়ে মারধর শুরু করেছে। কেন তার বিরুদ্ধে মামলা দিয়েছি—এই রাগে সে আমাকে শারীরিক নির্যাতন করেছে।’
তিনি আরও দাবি করেন, ‘মিডিয়ার সামনে নোবেল নিজেকে নেশাখোর ও পরিস্থিতির শিকার বলে ভিকটিম দাবি করলেও পর্দার আড়ালে তিনি সম্পূর্ণ আলাদা এবং ভয়ংকর চরিত্রের।’
অনন্যার মা বিবি কুলসুম বলেন, ‘মিষ্টি কথা বলে নোবেল জামিন নিয়েছে, কিন্তু এখন সে হুমকি দিচ্ছে যে বাড়ি থেকে বের হলে আমাদের দেখে নেবে। গত ২৫ ফেব্রুয়ারি রাতে মেয়েকে মারধর করে সে বেহুঁশ করে ফেলেছিল। আমাদের কাছে সব ভিডিও ও ডকুমেন্টস আছে। আমরা খুব শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেব।’ তিনি আরও জানান, তিন বছর আগে তাদের বিয়ে হলেও মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তখন বিষয়টি গোপন রাখা হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, ‘বিয়ে করবে—এমন শর্তে বাদী জামিনের বিরোধিতা না করায় আসামি আদালত থেকে ছাড়া পান। কিন্তু জামিন পাওয়ার পর ওই মেয়েটিকে সারা রাত মারধর করা হয়েছে। আমরা এখন জামিন বাতিলের আবেদন করার প্রস্তুতি নিচ্ছি।’
উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ এবং তরুণীকে আটকে রেখে হেনস্তা করার অভিযোগে গত বছরের ১৩ আগস্ট নোবেলসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। পিবিআই’র তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।