চলতি মাসেই ইতিহাস গড়েছেন হ্যারি কেইন। প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা ফরোয়ার্ড। সেই কীর্তির মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা কেইন এখন চোখ রাখছেন আরেকটি বড় রেকর্ডে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্রুততম ১০০ গোলের কীর্তি এখনো রোনালদোর দখলে। ২০১২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় মাত্র ৯২ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছিলেন তিনি। এরপর আর্লিং হলান্ড ১১১ ম্যাচে, লুইস সুয়ারেজ ১১৪ ম্যাচে এবং জ্লাতান ইব্রাহিমোভিচ ১১৫ ম্যাচে সেই মাইলফলকে পৌঁছালেও রোনালদোর রেকর্ড অটুট রয়েছে।
কেইন ইতোমধ্যেই টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগে ১৪১ ম্যাচে ১০০ গোল করে তালিকার পঞ্চম স্থানে আছেন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর তার গোলের গতি আরও বেড়েছে। বুন্দেসলিগায় ৮৬ ম্যাচে করেছেন ৯০ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের জার্সিতে ১৩২ ম্যাচে তার গোল ১২৮টি।
রোনালদোর রেকর্ড ভাঙতে সামনে পাঁচ ম্যাচে কেইনকে করতে হবে ১০ গোল। ছয় ম্যাচে ১০ গোল করতে পারলে তিনি স্পর্শ করবেন রোনালদোর কীর্তি।
চলতি মৌসুমে বুন্দেসলিগায় প্রতি ৬৬.৪ মিনিটে একটি করে গোল করছেন কেইন। পরের পাঁচ ম্যাচে যদি পূর্ণ সময় খেলেন, তবে রেকর্ড গড়তে তাকে গড়ে প্রতি ৪৫ মিনিটে একটি করে গোল করতে হবে। বর্তমান ফর্ম বিবেচনায় সেটি কঠিন হলেও অসম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।