কানাডায় অনুষ্ঠিত অন্যতম মর্যাদাপূর্ণ আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা ‘মেট রোভপ্রতিযোগিতা ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। প্রতিষ্ঠানটির আন্ডারওয়াটার রোবট ‘ম্যাভিরিও আরওভি’ প্রতিযোগিতার পাইওনিয়ার শ্রেণিতে ‘মেট রোভ ২০২৬ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ অর্জন করেছে।
২৩ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৭৭টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ সম্মিলিত স্কোর অর্জনের মাধ্যমে এমআইএসটির ‘ম্যাভিরভ’ দল সামগ্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পরিকল্পনা, নকশা প্রণয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর রোবট নির্মাণে দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ‘ম্যাভিরিও আরওভি’ একটি রিমোটলি অপারেটেড ভেহিকল (আরওভি), যা পানির নিচে জটিল প্রকৌশলভিত্তিক বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। সমুদ্র অনুসন্ধান, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ, পানির নিচের অবকাঠামো পরিদর্শন এবং মেরামতের মতো গুরুত্বপূর্ণ কাজে এ ধরনের রোবট ব্যবহার করা হয়।
মেরিন টেকনোলজি সোসাইটি (এমটিএস) আয়োজিত ‘মেট রোভ’ প্রতিযোগিতা বিশ্বব্যাপী আন্ডারওয়াটার রোবটিক্সের অন্যতম মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস্তবধর্মী সামুদ্রিক প্রকৌশল চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা এবং দলগত সক্ষমতার পরিচয় তুলে ধরেন।
এমআইএসটির ‘ম্যাভিরভ’ দলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত এ দলে ১১ জন কোর সদস্য এবং ২৪ জন সাধারণ সদস্য রয়েছেন।
দলের কানাডা যাত্রা ও আন্তর্জাতিক এই সাফল্য অর্জনে গোল্ড স্পনসর হিসেবে সহযোগিতা করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং পূবালী ব্যাংক পিএলসি। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডও দলটিকে বিভিন্নভাবে সহায়তা ও সমর্থন দিয়েছে।
আন্তর্জাতিক এই অর্জন বাংলাদেশের প্রকৌশল শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী প্রযুক্তি বিকাশের সক্ষমতাকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরেছে। একই সঙ্গে দেশের তরুণ প্রকৌশলীদের দক্ষতা ও সম্ভাবনারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।