হজযাত্রার প্রথম চার দিনে বাংলাদেশ থেকে মোট ১৮ হাজার ৪৮৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌছান বলে জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি ফ্লাইটে সাত হাজার ১৮ জন, সৌদিয়া এয়ারলাইনসের ১৭টি ফ্লাইটে ছয় হাজার ৬৩৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১২টি ফ্লাইটে চার হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাকি হজযাত্রী নির্ধারিত এয়ারলাইনসের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানান পরিচালক মো. লোকমান হোসেন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।
বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। তার মধ্যে ৩০টি প্রধান এজেন্সি ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে ১ জুলাই পর্যন্ত।