জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি প্রশ্নের মধ্যে বিকল্প প্রার্থী হিসেবে দলটির যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন।
দলটির একজন দায়িত্বশীল নেতা নাগরিক প্রতিদিনকে জানান, মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
এর আগে জানা যায়, মনিরা শারমিন ২০২৫ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেন। ফলে সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠে।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরিতে থাকলে বা অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই বিধান সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য।
সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থিতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকেই আসবে। পরিস্থিতি বিবেচনায় এনসিপি বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।