জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের পেশাগত পদবি যুক্ত করার লড়াইয়ে নেমেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি তার নামের আগে ‘অ্যাডভোকেট’ শব্দটি যোগ করার জন্য আবেদন নির্বাচন কমিশন (ইসি) বরাবর আবেদন করেছেন। তবে দেশের বিদ্যমান আইনের কঠোরতার কারণে আবেদনটি নাকচ করা হয়েছে। বুধবার (৬ মে) এনআইডি অনুবিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সম্প্রতি তার এনআইডিতে নাম সংশোধন করে ‘অ্যাডভোকেট’ পদবিটি যুক্ত করার জন্য আবেদন করেন। তবে ইসি কর্মকর্তারা জানান, বাংলাদেশের ভোটার তালিকা আইন অনুযায়ী নামের আগে অর্জিত কোনো পদবি বা উপাধি যুক্ত করার বিধান নেই। যার কারণে প্রাথমিক পর্যায়ে কমিশন তার আবেদন নামঞ্জুর করেছে। পরে তিনি ইসির সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আবার আবেদন করেন, যা বর্তমানে কমিশনের বিবেচনাধীন রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছে, ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী এনআইডিতে নামের শুরুতে ড. (ডক্টর), প্রফেসর, হাজি বা আলহাজ্ব, অ্যাডভোকেট, অন্য কোনো সামাজিক বা পেশাগত উপাধি পদবিগুলো যুক্ত করার কোনো সুযোগ নেই।
বর্তমানে কেবল উচ্চ আদালতের আদেশ থাকায় বিচারপতিদের নামের আগে পদবি ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় এনআইডির একটি নির্দিষ্ট অংশে উল্লেখ করা হয়। এই বিশেষ ক্ষেত্রগুলো বাদে সর্বজনীনভাবে কোনো পেশাগত পরিচয়কে নামের অংশ করার আইনি বৈধতা এখনো তৈরি হয়নি।